চট্টগ্রামের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬
চট্টগ্রামের ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে ২৫ নভেম্বর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারস্থ হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী মো. ইখতিয়ার ফরহাদকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য ও নিবিড় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে,সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম ও গভীর পাহাড়ি এলাকায় এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর বাড়িতে আত্মগোপনে ছিল সন্ত্রাসী রায়হান। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মহররম আলীকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে সেখান থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দেকে গ্রেফতার করে পুলিশ।তবে ধারাবাহিক অভিযান টের পের পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী রায়হান।
বিভি/এসজি













মন্তব্য করুন: