• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে আ. লীগের মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৫৯, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মধ্যরাতে আ. লীগের মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ নভেম্বর) রাত ১টার পর মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার ও কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই নাশকতা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাতে হঠাৎ করেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন, আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটান এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা পিছু হটে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। তবে যাওয়ার সময় তারা একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। 

পরবর্তীতে পুলিশ সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল জোরদার করেছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদেরও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

বিভি/এআই

মন্তব্য করুন: