ড. ইউনূসের দণ্ড স্থগিতের আদেশ বাতিল, চলমান থাকবে সাজা
ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড স্থগিতের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। এ আদেশের ফলে ড. ইউনূসের ৬ মাসের সাজা চলমান থাকবে।
সোমবার (১৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদফতরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে, ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিতের বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর ১৪ মার্চ শুনানি শেষে আদেশের জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা ড. ইউনূসসহ চারজনকে কারাদণ্ড দেন। শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় তাদের। অপরদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।
বিভি/এজেড













মন্তব্য করুন: