কাদের মোল্লার ফাঁসির রায়কে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বললেন প্রধান বিচারপতি
ছবি: প্রধান বিচারপতি (ডানে)
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার উল্লেখ করে তিনি বলেছেন, বিচারপতির চেয়ারে বসে এমন রায় দেওয়া অত্যন্ত লজ্জার।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় ১৯৭১ সালে অপরাধ সংঘটনের সময় ফারুকের বয়স মাত্র ১৩ বছর ছিল—এমন তথ্য উঠে এলে বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগের বিচারপতিরা। আদালতে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজন কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো?
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন দণ্ডপ্রাপ্তরা। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে ২০১৭ সালের ২৬ জুলাই নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আপিল শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, অপরাধ সংঘটনের সময় আমিনুজ্জামান ফারুক অপ্রাপ্তবয়স্ক ছিলেন। বিষয়টি নিয়েই নতুন করে আইনি প্রশ্নের মুখে পড়েছে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড।
বিভি/এমআর













মন্তব্য করুন: