আরও ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন
পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
পরে সৈয়দা সাজিয়া শারমিন জানান, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর আগে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর গত মে মাসে নতুন করে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল নিজ নিজ মামলায় এ আবেদন করেন।
পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম পৃথক আদেশে দীপংকর তালুকদারকে ওই তিন মামলায় গ্রেফতার দেখান।
বিভি/টিটি













মন্তব্য করুন: