• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আবরার হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদের চরম উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ১৩:৫২, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবরার হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদের চরম উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আলোচিত এ হত্যা মামলার সাত বছর পূর্ণ হলেও এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হত্যা মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার চেষ্টা থাকবে।

আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে নিম্ন আদালতে ২৫ আসামির সাজা হলেও সাত বছর পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানির অপেক্ষা চলছে।

মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, শুধু ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নিজেদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী দাবি করা অভিযুক্তরা এ নির্মম হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত