শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন দণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই গ্রামের আয়নালের ছেলে রুবেল (২৩)।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, বাদী পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তিনি স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে যান। এ সময় আসামিরা তার স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। ঘটনার ছয় দিন পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। একই বছরের ১৪ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলার বিচার শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: