• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, মানতে হবে যে নির্দেশনা

বাসস

প্রকাশিত: ১০:৩৮, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, মানতে হবে যে নির্দেশনা

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারকার্য পরিচালনা করেন।

এ কারণে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতের সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সবাইকে অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত