শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানির নতুন দিন নির্ধারণ
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানির দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দেওয়া হয়।
মামলাটিতে গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, ডা. আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।
মামলার অন্য আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ৩০ জনকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
আগামী ১২ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: