হাসিনা দেশে ফিরলেই ফাঁসি: চিফ প্রসিকিউটর
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর নিয়ে আলোচনার মধ্যে এসব কথা বলেন আমিনুল ইসলাম।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই। আদালতে হাজির হয়ে বিচার মোকাবিলা কিংবা রায়ের বিরুদ্ধে আপিল- কোনোটিই করেননি তিনি।
এদিকে, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন পাঠানোর খবরের ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন- এমন কোনো আনুষ্ঠানিক নথি তাদের হাতে নেই। বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে লিখিত বক্তব্য দিতে হবে। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।
বিভি/ওএফ/পিএইচ













মন্তব্য করুন: