ফের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এদিন আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আবেদনে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের জন্য সুইডেন আসলামকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহার অনুযায়ী, গরুর হাটের ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ঘটনার আগের দিন ২৭ এপ্রিল প্রতিপক্ষের সঙ্গে সমঝোতার কথা জানিয়ে বড় ভাইকে ফোন করেন টিটন। পরদিন সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ টিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এজাহারে আরও বলা হয়, টিটন গোপালগঞ্জের মুকসুদপুরের খাপুরা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পেয়ে ঢাকার হাজারীবাগে বসবাস শুরু করেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক হিসেবে পরিচিত আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: