• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকা নিয়ে যা বললো টিআইবি

প্রকাশিত: ২০:০৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকা নিয়ে যা বললো টিআইবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পরও তার সংসদ সদস্য পদ কীভাবে বহাল রয়েছে, সে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু এবং তার আগে কথিত ‘সেক্সটরশন’ বা যৌন ব্ল্যাকমেলের ঘটনার নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় টিআইবি। পাশাপাশি জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, একজন জনপ্রতিনিধিকে ঘিরে ধারাবাহিক গুরুতর অভিযোগ ও নৈতিক প্রশ্ন ওঠার পরও তার সংসদ সদস্য পদ অব্যাহত থাকা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জাতীয় সংসদের মর্যাদা ও সংসদ সদস্যদের জবাবদিহির প্রশ্নও সামনে আসে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফৌজদারি দায় নির্ধারণের এখতিয়ার আদালতের। তবে সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের। এ বিষয়ে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

টিআইবি সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের কথাও উল্লেখ করেছে। সংস্থাটির বক্তব্য, নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার বা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।

ইফতেখারুজ্জামান বলেন, সংসদ সদস্যদের নৈতিক স্খলনের অভিযোগ নতুন নয়। বিভিন্ন গবেষণা ও গণমাধ্যম প্রতিবেদনে এ ধরনের বিষয় আগেও এসেছে। কিন্তু প্রতিকারে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য কার্যকর আচরণবিধি প্রণয়নের দাবি টিআইবি আগেও জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিভি/এমআর

মন্তব্য করুন: