• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে গুলি ও ককটেল ফাটিয়ে ২৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ২

কেরানীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কেরানীগঞ্জে গুলি ও ককটেল ফাটিয়ে ২৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ২

ঢাকার কেরানীগঞ্জে গুলি করে ও ককটেল ফাটিয়ে জুয়েলারি ব্যবসায়ীদের ২৫ ভরি স্বর্ণ ও ৪০ হাজার  টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এই ঘটনায় অন্তর চন্দ্র (২৫) ও রাজীব চন্দ্র পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুরের মাতবর নগর মোড়ে এই ঘটনা ঘটে।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার আটিপাড়া গ্রামের নিতাই চন্দ্রের হযরতপুর বাজারে ঋতু নামক একটি জুয়েলারি দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে নিতাই চন্দ্রের ছেলে অন্তর চন্দ্র ও ভাগ্নে রাজিব চন্দ্র দোকানের ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ৩০ থেকে ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে অটোরিকশাযোগে আটিপাড়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি হযরতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাতবর নগর মোড়ে আসলে এ সময় দুইটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা পাঁচজন দুর্বৃত্ত গতিরোধ করে। তাদের অটোরিকশা থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা পিস্তল দিয়ে এলোপাতাড়িভাবে গুলি করে ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে অন্তর চন্দ্র ও রাজিব চন্দ্র পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। দুর্বৃত্তরা এ সময় ব্যাগে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কেরানীগঞ্জ সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. রুহুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. রুহুল কুদ্দুস বলেন, গুলিবিদ্ধ অন্তর চন্দ্র ও রাজিব চন্দ্র এখন সম্পূর্ণভাবে শঙ্কামুক্ত। এই ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হবে। আমরা দুর্বৃত্তদের নাম পরিচয় জানার জন্য গোয়েন্দা তদারকি অব্যাহত রেখেছি। আশা করছি খুব শীঘ্রই তাদের নাম পরিচয় পেয়ে যাবো এবং তাদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: