• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এরই প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে মাদরাসাটির শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকরা। 

মাদরাসা কর্তৃপক্ষ জানায়,১৯৮৩ সালে ময়জউদ্দিনের পিতা মহিরউদ্দিন ২৪ শতক জমি মাদরাসার নামে দান করেন। ওই জমিতে মাদরাসা ভবন ও মাদরাসার নিয়ন্ত্রণাধীন কয়েকটি দোকানপাট রয়েছে। গত শনিবার ওই জমির মধ্যে প্রায় ৫ শতক নিজেদের দাবি করে দখল করে চারপাশে বালু ফেলে জমিদাতার ছেলে ও স্থানীয় বিএনপি নেতা ময়জউদ্দিন ও তার সহযোগিরা। দোকানের সামনে বালু ফেলায় বন্ধ হয়ে যায় ১০ টি দোকানের বেচাকেনা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে দখলদারদের বিচার দাবিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ। 

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, এই জমিটি ৪৩ বছর ধরে মাদরাসার ভোগদখলে রয়েছে। এখানে ভবন ও কিছু দোকানপাট আছে। শনিবার ক্ষমতার দাপট দেখিয়ে সেই জমি দোকানপাটের অংশ দখল করে দোকানপাটে তালা দেন বিএনপি নেতা  ময়েজউদ্দিন। আমরা এ ঘটনার তীব্র ও নিন্দা জানানোর পাশাপাশি বিচার দাবি করছি।

মাদরাসাটির সভাপতি ফরহাদ হোসেন বলেন, মাদরাসার জমি অবৈধ দখলের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। মাদরাসার জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মইজুদ্দিন, তার ছেলেসহ কয়েকজন মিলে মাদরাসার দোকানগুলো দখল করে সেখানে বালু ফেলেছেন। 

অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের কোন প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। সেই জমিটির দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি জমিটি আমাদের। গত শনিবার জমিটা আমরা দখল করছি।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে এবং প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: