পুলিশের সিগন্যাল পেয়ে গাঁজাবাহী মোটরসাইকেল ফেলে পালালেন চালক!
গাইবান্ধা শহরে মোটরসাইকেলের সিট ও ট্যাঙ্কির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চালক। এ ঘটনায় পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় সুন্দরগঞ্জ থেকে আসা একটি সন্দেহজনক পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন দায়িত্বপ্রাপ্ত টিএসআই হযরত আলী ও গৌতম।
সংকেত পেয়ে চালক কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
এরপর ট্রাফিক পুলিশ ও উপস্থিত জনতার সামনে মোটরসাইকেলটির সিট খুলে তল্লাশি চালানো হয়। এ সময় কালো পলিথিনে মোড়ানো গাঁজার প্যাকেট পাওয়া যায়। পরে মোটরসাইকেলের ট্যাঙ্কি ও পাশের কভারের ভেতর থেকে ঠাসাঠাসি করে রাখা আরও গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে টিআই (এডমিন) আলতাফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ট্রাফিক পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ মাদক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: