হ্যাকিং চক্রের ৪ সদস্য সরঞ্জামসহ আটক
যশোরে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন এসআরবি-৬ (স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন-৬)-এর সদস্যরা।
আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক যুবকরা হলেন—ঝিনাইদহের সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতেন। পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এসআরবি-৬-এর কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানকালে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: