• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১৮:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, স্টুডিওটির জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে স্থানীয় অন্য জমির মালিকদের বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে স্টুডিওটি পরিচালনা করতেন সালমান মুক্তাদির।

সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেইজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, কিছুক্ষণ আগে স্টুডিওতে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তবে পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের কারণেই মূলত হামলার ঘটনা ঘটেছে।

ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। এতে চলাচলে সমস্যা তৈরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়।

তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছি। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত