মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেফতারের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে আখতারুজ্জামানকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং এক নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও অন্যান্য অভিযোগে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।
মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মামলার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
মামলাটির তদন্ত করছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।
বিভি/টিটি













মন্তব্য করুন: