উন্নয়ন প্রকল্পের কৃতিত্ব নিয়ে বিতর্ক, মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা
পিরোজপুর পৌরসভার উন্নয়নে সরকারি বরাদ্দ পাওয়ার কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পিরোজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য মাসুদ সাঈদীর ফেসবুক পোস্ট ঘিরে এমন বিতর্কের শুরু।
মাসুদ সাঈদী ফেসবুক পোস্টে লেখেন, ‘মাসুদ সাঈদী ও অন্যান্য মাধ্যমে প্রেরিত প্রকল্পসমূহের মূল্যায়ন কমিটির সভা। ইনশাআল্লাহ পিরোজপুর পৌরসভার জন্য ভালো খবর আসছে। এরপরই শুরু হয় সমালোচনা।’
এই পোস্টের পর স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বিরোধী দল বা তাদের কোনো সংসদ সদস্য ডিপিপি তৈরি করতে পারে না। অথচ মাসুদ সাঈদী ফেসবুকে জানান তিনি প্রকল্প পাঠিয়েছেন। তিনি প্রায়ই এভাবে ফেসবুকে পোস্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন। স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মাসুদ সাঈদীকে ‘কৃতিত্ব ছিনতাইকারী’ ও ‘নির্লজ্জ রাজনীতিবিদ’ বলেও প্রকাশ্যে সমালোচনা করেন।
দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত পিরোজপুর পৌরসভা। এখানকার বিভিন্ন এলাকার সড়ক-ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। নাগরিকদের দুর্ভোগ-দুর্দশা লাঘবে পিরোজপুর পৌরসভার উন্নয়নে ১১১ কোটি ৬৫ লাখ টাকার নতুন দুটি প্রকল্প হাতে নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এরইমধ্যে পালপাড়া ও সিআইপাড়া এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণের কাজ চলমান। সরকারের ভাবমূর্তি উজ্জল করতে এই কাজে সহযোগিতা করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান।
পিরোজপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পৌরসভার অনেকগুলো রাস্তাঘাটের বিষয়ে পিরোজপুরের সন্তান স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমানের মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করেছি। তিনি পৌরসভার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিভি/এনএম/টিটি













মন্তব্য করুন: