মধ্যরাতে চায়ের বিল নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মো. জাকারিয়া খান (১৯) নামের এক যুবকের বুকে ও পেটে চাকু দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত বারোটার দিকে শহরের ব্যস্ততম এলাকা পশু হাসপাতালের গেটের মুখে রবিউলের চায়ের দোকানে এই হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত যুবক জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারীর স্বত্বাধিকারী আব্দুল গফুর খানের পুত্র এবং সাতক্ষীরা পৌর বিএনপি নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে ওই চায়ের দোকানীর কথা কাটাকাটি হয়। এ সময় জাকারিয়া সৃষ্ট বিরোধ মেটাতে গেলে তার বুকেও পিঠে চাকু দিয়ে আঘাত করা হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চায়ের দোকানের কর্মচারী বাপীও আহত হন। এরপর স্থানীয়রা দ্রুত আহত দুই জনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া খানকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: