• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিললো ৮০ স্বর্ণের বার!

প্রকাশিত: ১৬:৫৬, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিললো ৮০ স্বর্ণের বার!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতরে মিলেছে ৮০টি স্বর্ণের বার। বিশেষ কৌশলে জুতার ভেতর লুকিয়ে রাখা এসব স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা। রবিবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই কর্মীর জুতা তল্লাশি করা হয়।

ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছানোর পর রানওয়েতে দুই কর্মীর জুতা তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

কর্মকর্তাদের ধারণা, তল্লাশি এড়াতে বিশেষ কৌশলে জুতার ভেতরে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

স্বর্ণ পাচারের এ চেষ্টার সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল; এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইআইডি। তদন্তের অগ্রগতি শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: