• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রকাশ্যে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি: ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

প্রকাশিত: ২১:৩৭, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩৮, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রকাশ্যে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি: ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে বিকাশের নগদ টাকা বহনকারী একটি গাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির এক হিসাবরক্ষণ কর্মকর্তা। আহত হয়েছেন গাড়িচালক ও এক এরিয়া ম্যানেজারও।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।

তিনি বলেন, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে টাকা পরিবহন করা হয়।

মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেটির পথ আটকে দেয়। এরপর চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙে তারা। একপর্যায়ে পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করা হয়।

তিনি আরও জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা রাখা ছিল। সেগুলো নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক হিসাবে লুট হওয়া অর্থের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলে জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত