• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

যশোরে চুরির সময় গণপিটুনিতে একজন নিহত, নিখোঁজ ১, আটক ১

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:০৯, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
যশোরে চুরির সময় গণপিটুনিতে একজন নিহত, নিখোঁজ ১, আটক ১

যশোরে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে আরও একজন পানিতে পড়ে নিখোঁজ হন। এছাড়া মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাত দুটোর দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান যশোর ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে তিন‌ ব্যক্তি চান্দুটিয়া গ্রামে হানা দেন। এরপর তারা নসিমন চুরি শেষে পালানোর সময় স্থানীয়রা তাদের ধাওয়া করেন। ফলে তারা চান্দুটিয়া স্লুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন।

এ সময় মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেয়া হয়। অন্যদিকে মনিরুজ্জামান ও বিল্লাল নামে অপর দুজন প্রাণ বাঁচাতে খালের পানিতে নেমে পড়েন। গ্রামবাসী মনিরুজ্জামানকে আটক করলেও নিখোঁজ রয়েছেন বিল্লাল। 

যশোর কোতয়ালি থানা পুলিশের ওসি কবির হোসেন জানান, চান্দুটিয়া গ্রামে নসিমন চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত মিজানুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মনিরুজ্জামানকে আটক দেখানোর পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: