শাহজালালে আচারের বয়ামে মিললো পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকার ও মূল্যবান পাথর!
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতরে লুকিয়ে আনা ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব অলংকার ও পাথরের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউস সূত্রে এসব তথ্য জানা গেছে।
কাস্টমস সূত্র জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণালংকার ও মূল্যবান পাথর চোরাচালানের গোপন তথ্য পায় কর্তৃপক্ষ। এর ভিত্তিতে সতর্ক অবস্থান নেন কাস্টমসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্বরত সি-শিফটের কর্মকর্তারা।
নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জনি রহমানকে শনাক্ত করা হয়। পরে তার ব্যাগ স্ক্যান করে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এরপর ব্যাগেজ তল্লাশি করে বয়ামের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা মূল্যবান অলংকার ও পাথর উদ্ধার করা হয়।
জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৩৮৯টি ডায়মন্ড বসানো স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, ৩টি সাদা স্বর্ণের আংটি, ২টি রুপার আংটি, ৫টি স্বর্ণের লকেট ও ১টি স্বর্ণের চেইন। এছাড়া ৪৭২টি ডায়মন্ডের নাকফুল, ৪৫ ক্যারেটের ডায়মন্ড পাথর, ৭২০টি পোখরাজ ও রুবি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা এসব সামগ্রীর মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম।
কাস্টমস জানিয়েছে, এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বাদী হয়ে জনি রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। তবে এসব পণ্য আনার বিষয়ে অভিযুক্ত যাত্রীর উদ্দেশ্য ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: