দুই শতাধিক সিসিটিভি ফুটেজ দেখে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৭
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে হাটহাজারী থানা-পুলিশ। দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ড এবং ছিনতাই করা অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশার তিনটি ব্যাটারি ও বডির অন্যান্য অংশ।
গত ১ অক্টোবর বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের একটি বিল থেকে তুষারের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল।
পুলিশ জানায়, ঘটনার পর তদন্তের একপর্যায়ে তুষারের বাড়ি বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে হাটহাজারী পর্যন্ত দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এসব ফুটেজের মাধ্যমে নিহত ব্যক্তি ও অভিযুক্তদের চলাচলের পথ শনাক্ত করা সম্ভব হয়।
তদন্তে উঠে আসে, আসামিরা বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার সাদ-মুছা গার্মেন্টস কারখানার সামনে থেকে তুষারের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে তাকে নির্জন স্থানে নিয়ে রশি ও গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ পাশের বিলে ফেলে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরে তদন্তের ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ড ও ছিনতাই করা অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার তিনটি ব্যাটারি ও বডির অন্যান্য অংশ উদ্ধার করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: