• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক আটক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৪৯, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদরাসা পরিচালককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসাটির আবাসিক পাঁচ থেকে ছয়জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে বলে পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার আবাসিকের এক ছাত্র ছুটিতে বাড়ি গেলে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

পরে ওই ছাত্রের অভিভাবকেরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।

শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদরাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত লোকজন মাদরাসা পরিচালককে মারধর করেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ছাত্র পরিবারের কাছে বিষয়টি জানানোর পর তার অভিভাবকেরা তাঁদের অবহিত করেন। পরে এ নিয়ে মাদরাসায় বৈঠক বসলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত