মহাখালী বাস টার্মিনালে অভিযান, ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ মাহমুদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবু সাঈদ মাহমুদ নিজেকে পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/বিএস/এজেড













মন্তব্য করুন: