• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, অতঃপর...

প্রকাশিত: ২১:৩৪, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, অতঃপর...

আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এলাকায় এ ঘোষণা প্রচার করা হচ্ছিল। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের মৃত অব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং কার্যক্রম নিষিদ্ধ মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ মাইকিংয়ের ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও বর্ণের ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়।

প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর কথা বলা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন আমাদের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: