• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

১০ টন চাল আত্মসাতের মামলায় গ্রেফতার ৪, ট্রাক জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১০ টন চাল আত্মসাতের মামলায় গ্রেফতার ৪, ট্রাক জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে প্রতারণার মাধ্যমে ১০ টন চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার চট্টগ্রামের তিনটি থানা এলাকা ও কুমিল্লার দেবীদ্বার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের চাঁন মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫৫), দেবীদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. খলিল (৪৭), একই উপজেলার উজানীজোড়া গ্রামের ছলিমউদ্দিন মোল্লার ছেলে মো. রফিক (৪৪) এবং ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হাবিবুর রহমান (৫০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ মে বিকেল ৫টার দিকে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গুদামের সামনে থেকে ভারত থেকে আমদানি করা ২০০ বস্তা চাল (১০ টন) একটি ট্রাকে তোলা হয়। চালগুলো যশোরের নওয়াপাড়ার এমবিকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। ট্রাকটির চালক কুমিল্লার চান্দিনা উপজেলার সিরাজ মিয়া চাল নিয়ে রওনা হলেও নির্ধারিত গন্তব্যে তা পৌঁছায়নি।

এ ঘটনায় সাতক্ষীরার জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক ও পদ্মশাঁখরা গ্রামের বাসিন্দা সাধন দাস গত ১৭ মে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাকিল জোয়ার্দার প্রথমে মাগুরার শালিখা থেকে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেফতার করেন। পরে তিনি বদলি হলে মামলার তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক সমীর গাইন। তার নেতৃত্বে গত শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজীদ বোস্তামী ও বাকলিয়া থানা এলাকা এবং কুমিল্লার দেবীদ্বার থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় চট্টগ্রামের বাকলিয়া থেকে ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকটির নম্বরপ্লেট পরিবর্তন করা ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার চারজন ও জব্দ করা ট্রাকটি শনিবার সাতক্ষীরা সদর থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: