• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পলাতক শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়ে যা জানালো দুদক

প্রকাশিত: ২০:৫৬, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পলাতক শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়ে যা জানালো দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় কাজ চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে কমিশন।

সোমবার (৯ নভেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

এর আগে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এসব মামলায় বিচারিক আদালত শেখ হাসিনাকে মোট ৩৬ বছরের কারাদণ্ড দেন।

এদিকে, দেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে আলোচনা রয়েছে। তবে দুদকের অবস্থান, দেশে ফিরতে হলে তাকে আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

এদিন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার তথ্যও জানান দুদক সচিব।

এ ছাড়া, ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউনিপে টু ইউ-এর পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

বিভি/টিটি

মন্তব্য করুন: