সাক্ষ্যগ্রহণের দিন আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছেন গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া। মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় এদিন কারাগার থেকে কাউসারকে আদালতে হাজির করা হয়। তাকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রাখা হয়েছিল। এ সময় তাকে পাহারার দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাত আদালতের সামনে গেলে সেই সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ছুরিকাঘাতে হত্যা করা হয় গার্মেন্টসকর্মী আলো আক্তারকে। পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
পরে টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করেন তিনি।
২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এখন পর্যন্ত এ মামলায় দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আগামী ২৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: