২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮
ছবি: সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এবং এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৯ জন এবং গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা এবং ২.৫ গ্রাম হেরোইন। এ ছাড়া মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ১৭টি বাইসাইকেল, ৫টি মোবাইল ফোন, ৩ পাতা স্ক্রিনশট, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
বিভি/এআই













মন্তব্য করুন: