সেলিম ওসমানকে ধরতে নারায়ণগঞ্জে ডিবির অভিযান
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।
কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
এ সময় আনসার সদস্যরা জানান, কারখানার ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই শ্রমিকরা চলে গেছেন। ভেতরে তখন কেউ ছিলেন না। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান ওই ব্যক্তিরা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরে আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার তার সেখানে আসার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই গ্রেফতার করা হবে।
এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতেও সেলিম ওসমানকে গ্রেফতারে ফতুল্লা থানা-পুলিশ অভিযান চালিয়েছিল। তবে সেবারও তাকে পাওয়া যায়নি।
বিভি/টিটি













মন্তব্য করুন: