ভোলায় ৯ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ নগদ টাকা উদ্ধার, আটক ১
ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের সাড়ে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আঃ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণালংকার ও টাকা ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে চুরি করে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নূর জুয়েলার্সে চোরাই স্বর্ণালংকার বিক্রির চেষ্টা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তির কাছে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়। পরে স্বর্ণালংকারের বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মো. আঃ আলীকে আটক করা হয়।
ভোলা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাসলিম নামের এক ব্যক্তির বাসা থেকে চুরি করা হয়েছিল। পরে সেগুলো ভোলায় এনে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোলা জেলা পুলিশ।
বিভি/ভোলা/পিএইচ













মন্তব্য করুন: