শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীকে সিলেট থেকে গ্রেফতার করেছে এসআরবি।
তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং এসআরবি-০৯, সিলেটের সহযোগিতায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। তিনি মোংলা বন্দরে চাকরি করেন এবং ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গেই একই ভবনে বসবাস করতেন।
ওসি আতিকুর রহমান আরও জানায়, গত ২৫ অক্টোবর বিকালে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিলো। ওই সময় আসামির স্ত্রী পাশের রুমে ঘুমিয়ে থাকার সুযোগে আসামি ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে গত ৩০ অক্টোবর রাতে থানায় এসে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরপরই আসামি এলাকা থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেট থেকে তাকে গ্রেফতার করে মোংলা থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: