১০৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিংকি আক্তারকে ১০৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করে। তিনি উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী।
এসআরবি-১০-এর অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার রবিবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেফতার পিংকি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা মাদকসহ গ্রেফতার পিংকি আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তপন সরকার আরও জানান, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে এসআরবি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/রাজবাড়ী/পিএইচ













মন্তব্য করুন: