রাজধানীতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ২ কর্মচারী গুলিবিদ্ধ
প্রতীকী ছবি
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণও ঘটায় হামলাকারীরা।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদ সংলগ্ন ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কর্মচারী অফিসে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চারজন দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এক থেকে দুই মিনিটের মধ্যে তারা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মাজহারুল ইসলাম আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের সহযোগীরা ফোন করে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে সেই টাকা এখনো দেওয়া হয়নি। চাঁদা না দেওয়ার জেরেই এ হামলা হয়েছে বলে ধারণা করছেন তিনি।
আহত সাজু আহমেদ জানান, হামলাকারীদের মধ্যে তিনজন অফিসের ভেতরে প্রবেশ করে এবং একজন বাইরে অবস্থান করছিল। ভেতরে ঢুকেই তারা কর্মচারীদের উদ্দেশে বলতে থাকে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এরপরই তারা এলোপাতাড়ি গুলি চালায়। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে রামপুরা থানাকেও অবহিত করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: