• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২৩:০৩, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:০৫, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৫ নভেম্বর) বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মোসলেম আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংস কর্মকাণ্ড চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংস ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দেয়।

এসআই মোসলেম আলীর ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী। তিনি বলেন, রবিবার বিকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসআই মোসলেম আলীর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে তিনি জানান, এতে মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত