• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভারত থেকে দেশে প্রবেশের সময় চেকপোস্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৫, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারত থেকে দেশে প্রবেশের সময় চেকপোস্টে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোমরা স্থলবন্দর সংলগ্ন চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) যশোর জেলার কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পাঁচ ভাইয়ের মধ্যে মানিক চতুর্থ। তবে শ্রাবণের সাথে তার পরিবারের কারো কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি (নভেম্বর) মাসের ৮ তারিখে মানিকসহ তার তিন বন্ধু একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি। দুই বন্ধু আগেই ফিরে এসেছেন। মানিক আজ দুপুরে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, গ্রেফতার মানিককে যশোর জেলার কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী আইনে কেশবপুর থানায় মামলা রয়েছে। আসামি মানিককে রাতে সাতক্ষীরা থানা থেকে কেশবপুর থানায় আনা হবে। 

তিনি আরও জানান, তার ভাই কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তবে পারিবারিকভাবে শ্রাবণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত