• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে পৃথক অভিযান, ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার ৬৪৪

প্রকাশিত: ১২:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৪, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে পৃথক অভিযান, ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার ৬৪৪

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় নিয়মিত এবং ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে মোট ৬৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে নিয়মিত অভিযানে ৫৩৭ জনকে গ্রেফতার ও ৬০টি মামলা হয়েছে। অন্যদিকে ব্লক রেইড ও চিরুনি অভিযানেও গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১০৩ জনকে ধরা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৪ জন এবং উত্তরা বিভাগে ৪৬ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে রমনা ও মতিঝিল বিভাগে ৪৩ জন করে, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং এসআরইউর অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিস্ফোরকদ্রব্যের মধ্যে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্যের মধ্যে উদ্ধার করা হয় ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ। এর বাইরেও একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেফতারের বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতার হওয়া নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে বৃহস্পতিবারই আদালতে হাজির করা হবে বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন: