• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভৈরবে নিষিদ্ধ আ. লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব

প্রকাশিত: ০৯:৪২, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভৈরবে নিষিদ্ধ আ. লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (৫৫) কে। গত ২০ নভেম্বর রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার তথ্য গোপন রাখার পর রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ বিষয়টি প্রকাশ করে।

মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ (৫০) কে। এ ছাড়া সহসভাপতি মামুন (৫৫), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫৬), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল মনসুর (৬৫), যুবলীগ নেতা ইকবাল হোসেন (৫৪), অরুন আল আজাদ (৫২), সাবেক পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু (৬৮) ও পৌর আওয়ামী লীগ নেতা মঈন (৪৫)সহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা গত কয়েক দিন ধরে ভৈরব শহরের বিভিন্ন সড়কে টায়ার পুড়িয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি, থানার সামনে ককটেল বিস্ফোরণ, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় কার্যক্রম বাধাগ্রস্ত করাসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এর এক সপ্তাহ আগেও একই ধরনের অভিযোগে ভৈরব থানায় আরেকটি মামলা করে পুলিশ। ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়। সড়কে টায়ার পুড়িয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি করা হয়। ওই মামলার আসামিরাও নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আসামিরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছেন। এ কারণে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে।

বিভি/ভৈরব/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত