• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভৈরবের আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার!

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভৈরবের আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার!

কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে গত ২২ নভেম্বর দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

গ্রেফতার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি।

কিশোরগঞ্জ জেলা ডিবির ওসি মো. বাহার মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর থেকেই আতিক আহমেদ সৌরভ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া সম্প্রতি ভৈরবের আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পাশাপাশি সম্প্রতি টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত একটি কনফারেন্সে যুক্ত হয়ে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও জানান, ২২ নভেম্বর রাতে ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিভি/ভৈরব/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত