চলতি বছরে নারী-শিশু নির্যাতন বেড়েছে প্রায় ৫৪ শতাংশ: এইচআরএসএস
প্রতীকী ছবি
দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্যাতনের ঘটনা বেড়েছে ৯৩২টি বা প্রায় ৫৪ শতাংশ।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) দেশের ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের তথ্য প্রকাশ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৩৪ জনই শিশু ও কিশোরী, যা মোট ধর্ষণের শিকার ব্যক্তির প্রায় ৫৭ শতাংশ। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। অন্যদিকে, ২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন।
প্রতিবেদনের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে যৌন নিপীড়নের ঘটনা প্রায় ১০৫ শতাংশ বেড়েছে। গত বছর এ ধরনের ঘটনা ছিল ৩৭৪টি, যা চলতি বছরের প্রথম ১০ মাসে বেড়ে দাঁড়িয়েছে ৭৬৮টিতে। যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যাও ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে।
এ ছাড়া পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে। একই সময়ে পারিবারিক সহিংসতায় আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে। যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির পেছনে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাকে দায়ী করেছে এইচআরএসএস।
সংগঠনটির মতে, অপরাধ সংঘটনের পর বিচার নিশ্চিত করার পাশাপাশি সহিংসতার মূল কারণ দূর করতে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া জরুরি।
এ পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি সুপারিশও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা।
পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসন নিশ্চিত করার সুপারিশ করেছে এইচআরএসএস।
বিভি/টিটি













মন্তব্য করুন: