চাঁদা দাবির কারণে ১৭ দিন বন্ধ ফার্মেসি, পুলিশি সহযোগিতায় চালুর পর গুলি!
খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে চয়ণিকা ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলিতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ৪৭, টুটপাড়া সেন্ট্রাল রোডের ওই ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্যমতে, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। এ সময় ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। পরে খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।
চাঁদা দাবির ঘটনার সঙ্গে গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী কারণে এ গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বিভি/এপি/এজেড













মন্তব্য করুন: