• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত স্বামী পলাতক, দেড় যুগ পর গ্রেফতার

প্রকাশিত: ২২:১৪, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৫, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত স্বামী পলাতক, দেড় যুগ পর গ্রেফতার

স্ত্রীকে হত্যার দায়ে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রায় দেড় যুগ ধরে পালিয়ে ছিলেন একরামুল হক রবিন (৪৬)। দেশের বিভিন্ন স্থানে পরিচয় ও অবস্থান গোপন করে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা-পুলিশের যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রাতে তাকে সাটুরিয়া থানায় নেওয়া হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতার রবিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুর সঙ্গে রবিনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রী ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। একপর্যায়ে মিতুর পরিবার ১ লাখ ১০ হাজার টাকা দিলেও আরও সাড়ে ৪ লাখ টাকা দাবি করেন রবিন।

দাবি অনুযায়ী যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় পরদিন ১৮ জুলাই মিতুর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তার বাবা রফিকুল ইসলামকে আসামি করে সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা রফিকুল ইসলামকে খালাস দেওয়া হয়।

রায়ের পর থেকেই পলাতক ছিলেন রবিন। দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলছিলেন তিনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে এসআরবি ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত