• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা

প্রকাশিত: ২২:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ব্যাংক ও বিকাশ-নগদ-রকেটের জন্য নতুন নির্দেশনা

বাংলা কিউআর কোডে পেমেন্ট করার পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হতে আর অপেক্ষা করতে হবে না। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) জন্য নতুন এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন প্রতিটি লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা করতে হবে। একই দিন থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের সার্কুলারের নির্দেশনা বাতিল হবে।

এ ছাড়া সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—যেমন বিকাশ, নগদ ও রকেট—পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ৬ জানুয়ারি জারি করা সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী ওই আইকন প্রদর্শন করতে হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও যেন পেমেন্ট করা যায়, সেই সুবিধা চালু করতে হবে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুবিধাও চালু করতে হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এসব নির্দেশনা জারি করেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত