• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

প্রকাশিত: ১৯:০১, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, পানীয় ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সংক্রান্ত একটি আদেশ রবিবার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে জারি করা হয়েছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের পণ্য উৎপাদনকারী এবং সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।

এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করার বিষয়ে এর আগে জারি করা কোনো আদেশ থাকলে, নতুন এ আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এ আদেশে উল্লেখিত খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজনের ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে।

আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: