কয়েকটি ব্যাংকের ডিজিটাল লেনদেনে বিঘ্ন: যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ—এনপিএসবি সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবায় সাময়িক বিঘ্ন ঘটেছে। এতে গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম এবং এনপিএসবি-সংক্রান্ত ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা ভোগান্তির শিকার হন।
গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিপিএস), বিইএফটিএন ও আরটিজিএস-সহ দেশের অন্যান্য পেমেন্ট ব্যবস্থার কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
বিভি/এসআই/এজেড













মন্তব্য করুন: