এক ধাক্কায় স্বর্ণের দাম কমলো প্রায় সাড়ে ৫ হাজার টাকা
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক ধাক্কায় পাঁচ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে, শুক্রবারও দেশের বাজারে স্বর্ণের স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা।
রুপার নতুন দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে তিন হাজার ৪৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই হাজার ২১৬ টাকা।
বিভি/এসজি













মন্তব্য করুন: