বাংলা কিউআরে যোগ হলো নতুন সেবা
দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত করলো বাংলা কিউআর (QR)। এখন থেকে বাংলা কিউআর (QR) কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে সরাসরি টাকা পাঠাতে পারবেন। এতে টাকা পাঠানোর জন্য প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না।
রবিবার (১ নভেম্বর) থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের এ সুবিধা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবায় অর্থ পাঠাতে প্রথমে প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য যাচাই করে সহজেই লেনদেন সম্পন্ন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ ব্যবস্থার ফলে ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর দেওয়ার কারণে লেনদেনে যে ঝুঁকি তৈরি হয়, তা কমবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতেও এটি ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: